• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

পূজা থেকে ফেরার পথে ট্রলারডুবি, মা-মেয়ের সলিল সমাধি; ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

তরিকুল ইসলাম, পিরোজপুর

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ট্রলারডুবির ঘটনায় পূজা থেকে বাড়ি ফেরার পথে প্রাণ হারিয়েছে আট বছর বয়সী শিশু অর্পিতা বেপারী। এ ঘটনায় তার মা রিনা বেপারী (৩৫) নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্পিতা বেপারী ও নিখোঁজ রিনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর পরিবারের সদস্য।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাজিরপুর প্রান্ত থেকে ৫০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে ‘আল্লাহ ভরসা’ নামের ট্রলারটি ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশে রওনা হয়। অতিরিক্ত যাত্রী ও মালামালের চাপে ট্রলারটি ভারসাম্য হারিয়ে ঘাট ছাড়ার পরপরই কালিগঙ্গা নদীতে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। তবে রিনা বেপারী ও তাঁর মেয়ে অর্পিতা নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পিরোজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দফা অভিযান চালিয়ে শিশু অর্পিতা বেপারীর মরদেহ উদ্ধার করে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তাঁর মা রিনা বেপারীর সন্ধান পাওয়া যায়নি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার কার্যক্রম তদারকি করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। এ ছাড়া পিরোজপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক রায়হানুর আশরাফ এবং নাজিরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক সোয়াইব হোসেন মুন্সির নেতৃত্বে উদ্ধারকাজ পরিচালিত হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাতের বেলায় নদীতে উদ্ধার অভিযান পরিচালনা ঝুঁকিপূর্ণ হওয়ায় সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়। নিখোঁজ রিনা বেপারীকে উদ্ধারে পরদিন সকাল থেকে পুনরায় অভিযান পরিচালনার কথা জানানো হয়।

মঙ্গলবার দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা