
স্বরূপকাঠি প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩টি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থলে পশ্চিম সারেংকাঠী এলাকায় সন্ধ্যা নদীর তীরে এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ব্রিকসগুলো হল আশা ব্রিকস, মর্ডান ব্রিকস ও ডায়মন্ড ব্রিকস ফিল্ড।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ওই ব্রিকসফিল্ডগুলো দীর্ঘদিন যাবত খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। শুক্রবার বিকেলে গোপন তথ্যে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও অমিত দত্ত প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় ইটভাটা প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। পরে আদালত অভিযানে জব্দ করা ৪টি ট্রলার ভর্তি মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
Leave a Reply