
সুমন খান:
রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট যেখানে প্রতিদিন হাজারো মানুষের পদচারণা, ব্যস্ততম সড়ক আর জনজীবনের কেন্দ্রবিন্দু। সেই গুরুত্বপূর্ণ এলাকাতেই ফুটওভার ব্রিজের নিচে গড়ে উঠেছে একটি গেস্ট হাউসকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্যের ভয়াবহ এক ঘাঁটি যা স্থানীয়দের জন্য উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট আবাসিক হোটেলটিতে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে নারী নির্যাতন, অসামাজিক কার্যকলাপ এবং মাদকের আসর বসছে। দিনের আলো ফুরালেই যেন অন্য এক রূপ নেয় জায়গাটি যেখানে গোপনে নারী-পুরুষের আনাগোনা, সন্দেহজনক লেনদেন এবং উচ্চস্বরে বিশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করা যায় ,স্থানীয় সূত্রগুলো জানায়, এই গেস্ট হাউসটির মূল নিয়ন্ত্রণে রয়েছে লিমন নামের এক ব্যক্তি এবং তার মামা শাকিব। তাদের নেতৃত্বেই গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যা ‘মামা-ভাগ্নে ব্যবসা’ হিসেবে এলাকায় পরিচিত। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে চলা এসব অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, গভীর রাত পর্যন্ত সন্দেহজনক ব্যক্তিদের যাতায়াত, মাদক সেবন ও বিক্রির দৃশ্য প্রায়ই চোখে পড়ে। অনেক সময় নারী নির্যাতনের ঘটনাও ঘটছে বলে ধারণা করা হয়, তবে ভয়ে কেউ সরাসরি প্রতিবাদ করতে এগিয়ে আসেন না। এতে করে এলাকায় সামাজিক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকলে তা আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। দ্রুত তদন্ত এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণের দাবি অবিলম্বে প্রশাসনের নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জড়িতদের আইনের আওতায় এনে এই অসামাজিক কর্মকাণ্ডের স্থায়ীভাবে ইতি টানা হোক।ফার্মগেটের মতো জনবহুল এলাকায় প্রকাশ্যেই যদি এভাবে মাদক ও অসামাজিক কার্যকলাপ চলতে থাকে, তাহলে তা শুধু একটি এলাকার সমস্যা নয় বরং পুরো নগরীর নিরাপত্তা ও সামাজিক কাঠামোর জন্য একটি বড় সতর্ক সংকেত। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়।
(পূর্ব ১) …..দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন বিস্তারিত সহ।
Leave a Reply