
স্বরূপকাঠি থেকে প্রতিনিধি আব্দুর রাজ্জাক:
পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলায় একটি মুরগির ফিডের দোকানের ম্যানেজারের বিরুদ্ধে ক্যাশের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাহুতকাঠী গ্রামের বাসিন্দা মো. জুয়েল তালুকদার তার মালিকানাধীন ‘নাজমা এন্টারপ্রাইজ’ নামের ফিডের দোকানে মো. নাঈম হাওলাদারকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। দীর্ঘদিন ধরে তিনি দোকানের হিসাব-নিকাশে অনিয়ম ও গড়িমসি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে দোকানের ক্যাশ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে তিনি উধাও হয়ে যান বলে অভিযোগ করা হয়।
দোকান মালিক জানান, সকালে দোকান বন্ধ দেখতে পেয়ে ম্যানেজারের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে পাশের দোকানের এক কর্মচারীর মাধ্যমে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সকালে দোকানের চাবি রেখে বলে যান—মালিক এলে চাবি দিয়ে দিতে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘স্বরূপ পোল্ট্রি ফিড’ এর মালিকের কাছে দোকানের প্রাপ্য প্রায় ৫০ হাজার টাকা ছিল, যা অভিযুক্ত ব্যক্তি মালিকের নাম করে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল তালুকদার নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জুয়েল তালুকদার অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ তাকে দেখে থাকলে ০১৭৩১-২৪১৬৭১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
Leave a Reply