
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি চাকরি করলেও নারীকে আটকাতে পারলো না। দাম্পত্য কলহের জের ধরে সানোয়ার হায়দার (৩২) নামে এলজিইডি’র কার্য সহকারী ট্রেনের নিচে লাফ দিয়ে প্রাণ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি উপজেলা এলজিইডি’র বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাটতেছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেন আসলে হঠাৎ দৌঁড়ে তিনি ট্রেনের নিচে ঝাপিয়ে পড়লে মুহূর্তেই মারা যান। খবর পেয়ে থানা ও রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের সহকর্মী ফরদাহ হোসেন, মুনছুর রহমান জানান, স্ত্রীর সঙ্গে সানোয়ার হায়দারের দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহ খানেক আগে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
প্রত্যক্ষদর্শী আসমা বেগম ও রিয়া আক্তার জানান, সকাল থেকে রেলওয়ে স্টেশনের পাশে বসে ছিলেন তিনি। ট্রেন গাড়ীটি কাছাকাছি পৌঁছা মাত্রই দৌড়ে গিয়ে রেল লাইনের মধ্যে ঝাপ দেয়। মুহুর্তের মধ্যে কাটাপড়ে ঘটনাস্থলে মারা যায় সানোয়ার হায়দার।
এ ব্যাপারে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply