পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে গরুবাহী গাড়ি ছিনতাই, পশু চুরি ও পরিবহন কেন্দ্রিক অপরাধচক্রের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কার মধ্যেই রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে গরু-ছাগল ভর্তি একটি ছিনতাইকৃত পিকআপ উদ্ধার করেছে ট্রাফিক মিরপুর বিভাগ। এ ঘটনায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে ট্রাফিক মিরপুর বিভাগের দারুস সালাম জোনে দায়িত্ব পালনকালে সার্জেন্ট মোঃ রানা ইসলাম বেতার বার্তার মাধ্যমে একটি গরুভর্তি পিকআপ ছিনতাইয়ের জরুরি তথ্য পান। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়।সূত্র জানায়, ডিসি ট্রাফিক মিরপুর জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার এর গোয়েন্দা তথ্য ও সার্বিক দিকনির্দেশনায় এবং টিআই জনাব গোলাম মোস্তফার নেতৃত্বে ট্রাফিক সদস্যরা দ্রুত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করেন। একপর্যায়ে গাবতলী এলাকায় সন্দেহজনক একটি পিকআপকে থামানোর সংকেত দেওয়া হলে সেটি আটক করা সম্ভব হয়।আটককৃত পিকআপ তল্লাশি করে ৬টি গরু ও ২টি ছাগল উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িটি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় মোঃ সাব্বির (২৫), অমিত সরকার (৬০) ও মোঃ অন্তর (২৮) নামে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ঈদ সামনে, সক্রিয় পশু ছিনতাই চক্র,আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, কোরবানির ঈদ ঘনিয়ে এলে রাজধানী ও আশপাশের এলাকায় পশুবাহী ট্রাক ও পিকআপকে টার্গেট করে সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন সংঘবদ্ধ চক্র। বিশেষ করে গভীর রাত, ভোর কিংবা ব্যস্ত সড়কের সুযোগ নিয়ে এসব চক্র গাড়ি ছিনতাই, পশু লুট কিংবা চালকদের জিম্মি করার মতো অপরাধ সংঘটিত করে থাকে।তবে সাম্প্রতিক সময়ে ট্রাফিক বিভাগের সদস্যদের তৎপরতা শুধু যান চলাচল নিয়ন্ত্রণেই সীমাবদ্ধ নেই; বরং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ প্রতিরোধেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।প্রশংসায় সার্জেন্ট রানা ইসলাম,ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও খামারিরা ট্রাফিক পুলিশের এমন দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তাদের মতে, সময়মতো অভিযান পরিচালনা না করলে গরু-ছাগলগুলো দ্রুত অন্যত্র সরিয়ে ফেলা হতে পারত এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হতো।বিশ্লেষকরা বলছেন, রাজধানীতে ট্রাফিক পুলিশের এই ধরনের তাৎক্ষণিক অভিযান জনসাধারণের মধ্যে আস্থা বাড়াবে এবং ঈদকেন্দ্রিক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।অপরাধ দমনে কঠোর অবস্থানে ট্রাফিক মিরপুর বিভাগট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি আরও বাড়ানো হয়েছে। গরুবাহী যানবাহন, পরিবহন রুট ও সন্দেহভাজন চলাচলের ওপর বিশেষ মনিটরিং চালানো হচ্ছে। যেকোনো ধরনের ছিনতাই, চাঁদাবাজি কিংবা পশু পরিবহনে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।