রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর ওপর পিকআপ ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।আক্তার হোসেন নামের এক পথচারী গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত পৌনে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, নিহত নারীর পরনে প্রিন্টের কাপড় ছিল। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।