রাজধানী ঢাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত, গণপরিবহনের সেবার মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ফিটনেসবিহীন, ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত, রংচটা, জরাজীর্ণ, বিবর্ণ ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সড়কে চলাচলকারী গণপরিবহনের মান বজায় রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া, সংশ্লিষ্ট সার্কেল অফিসগুলো থেকে অনুপযুক্ত ও আইন লঙ্ঘনকারী বাসের মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৪, ২৫ ও ৪৬ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬, ৪৭ ও ৫৭ অনুযায়ী সংশ্লিষ্ট বাসের রেজিস্ট্রেশন স্থগিত বা বাতিল, ফিটনেস সনদ স্থগিত বা বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।বিআরটিএ আরও জানিয়েছে, সড়কে অনিরাপদ ও পরিবেশ দূষণকারী যানবাহনের চলাচল বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। জনস্বার্থে নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সংস্থার এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।