
সুমন খান:
রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। অভিযানে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশি মদ এবং একটি পাজেরো গাড়ি জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে মাদকদ্রব্য ও সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৮ মার্চ ২০২৬ তারিখ রাতে র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর বনানী থানা এলাকায় কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশি মদ নিয়ে গুলশান-১ এলাকা থেকে মহাখালীর দিকে পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছে।সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিএমপি’র বনানী থানাধীন ব্লক-জি, রোড নং-৮, বাসা-১৯, SELTECH Abir Garden ভবনের সামনে পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে গুলশান-১ থেকে মহাখালীগামী একটি পাজেরো গাড়িকে থামার সংকেত দেয় র্যাব সদস্যরা।এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে র্যাব সদস্যদের তৎপরতায় মোঃ আল-আমিন (৩০) নামে একজনকে আটক করা সম্ভব হয়। আটককৃত আল-আমিনের পিতার নাম মৃত জিয়াউর রহমান। তার গ্রামের বাড়ি শাকতলী, ডাকঘর-পেরিয়া বাজার, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা।পরবর্তীতে তল্লাশি চালিয়ে পাজেরো গাড়ির ভেতর থেকে ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকা।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদেশি মদ সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পালিয়ে যাওয়া অন্যান্য সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।এ ঘটনায় উদ্ধারকৃত মদ, পাজেরো গাড়ি এবং গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, রাজধানীসহ সারাদেশে মাদক ও অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply