ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটপাতের দোকান উচ্ছেদ করতে যায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। একপর্যায়ে মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন ফুটপাতের ব্যবসায়ীরা। অন্যদিকে পুলিশ অবস্থান নেয় রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে, ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাঁদের ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলে হামলা, ভাঙচুর চালানা হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।