
ঢাকা স্টাফ রিপোর্টার:
ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘাতকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করেছে ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ ঘটনায় ঢাবি প্রশাসনকে যেকোনো সমস্যায় সাদা দলের পক্ষে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাদা দলের শিক্ষক নেতারা।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রো-উপাচার্য (প্রশাসন), প্রো-উপাচার্য (একাডেমিক) ও কোষাধ্যক্ষ মহোদয়ের সাথে মাননীয় উপাচার্যের অফিসে সাক্ষাত করেন। এ সময়ে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম-আহবায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মোঃ আবুল কালাম সরকার উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাদা দলের সদ্য সাবেক যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আইবিএ ইউনিটের আহবায়ক অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের আহবায়ক অধ্যাপক সাইফুদ্দিন, কলা অনুষদের আহবায়ক অধ্যাপক এম এ কাউসার, বিজনেস স্টাডিজ অনুষদের আহবায়ক অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম জাহিদ ও প্রতিনিধি অধ্যাপক মোঃ আল আমিন, ফার্মেসি অনুষদের আহবায়ক অধ্যাপক ড. আবু আসাদ চৌধুরী, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের আহবায়ক অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, এবং আর্থ ও এনভায়রনমেন্টাল সাইন্স অনুষদের আহবায়ক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় চলমান পরিস্থিতি নিয়ে সাদা দলের শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি যেকোনো সঙ্কটে সাদা দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকবে বলে আশ্বাস্ত করেন।
এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন) ও অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা), ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।
এছাড়াও সাদা দলের নেতৃবৃন্দ ভিসি ড. নিয়াজ আহমেদ খানকে বলেছেন যে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ঘাঁপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা গোপনে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যে কারণেই গত শনিবার শিক্ষক সমিতিতে প্রতিনিধিত্বকারী নীল দলের শিক্ষক নেতারা শিক্ষক সমিতির কার্যক্রমকে সক্রিয় করার দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপি দিয়েছেন। এখান থেকেই বোঝা যায় যে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা উদ্ভুত ঘটনাকে উস্কে দিতে চাইছে। এ বিষয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানসহ প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় ঢাবি সাদা দল।
ধন্যবাদান্তে,
অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান
আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।
অধ্যাপক ড. আব্দুস সালাম
যুগ্ম আহ্বায়ক, ঢাবি সাদা দল।
অধ্যাপক ড. আবুল কালাম সরকার
যুগ্ম আহ্বায়ক, ঢাবি সাদা দল।
Leave a Reply