রাজধানীর মিরপুর-১ নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের ফুটপাত আবারও দখল হতে শুরু করেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রায় ১০ থেকে ১৫ দিন এলাকাটিতে পরিচ্ছন্ন ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকলেও ধীরে ধীরে আবারও ফিরে আসছে ফুটপাতের দোকানপাট। এতে উচ্ছেদ অভিযান কতটা স্থায়ী সুফল বয়ে আনছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার দুপুর থেকেই মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের ফুটপাতের কয়েকটি স্থানে দোকান বসিয়ে বেচাকেনা শুরু করতে দেখা গেছে। ফলে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া ফুটপাত আবারও দখলের মুখে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযানের পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পর্যাপ্ত তদারকি ও নিয়মিত নজরদারির অভাবে আবারও ফুটপাত দখল শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই আগের মতো জনভোগান্তি ফিরে আসতে পারে।এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও লেখালেখি শুরু হলে সংশ্লিষ্ট মহলে আবারও বিষয়টি আলোচনায় আসে। এরপর ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে পুলিশের পুনরায় অভিযান পরিচালনার বিষয়টিও সামনে আসে।নগরবাসীর প্রত্যাশা, শুধু সাময়িক উচ্ছেদ নয়, মিরপুর-১ নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারি নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং উচ্ছেদের সুফল দীর্ঘস্থায়ী হয়।