রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একদল ব্যক্তি। এ সময় ভবনের নৈশপ্রহরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অগ্নিসংযোগকারীরা। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গ্রামীণ ব্যাংকের ওই ভবনের নিচতলায় এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে, প্রায় একই সময়ে নগরীর সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭-৮ জনের একটি দল। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারাও দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন বলেন, গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়ে তারা অবগত নন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে যাননি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুটি ঘটনাস্থলই পুলিশ পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।