জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষে রাজধানীর অদূরে ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল (বি.এ) মাদরাসায় সড়ক নিরাপত্তাবিষয়ক, সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল, ইকুরিয়ার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জি.) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. জাহাঙ্গীর আলম, মোটরযান পরিদর্শক মো. নাসিম হায়দার, ট্রাফিক ইন্সপেক্টর মনীর আহম্মদ এবং মাদরাসার অধ্যক্ষ ও পরিচালনা কমিটির শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু অবকাঠামো উন্নয়ন কিংবা আইন প্রয়োগের বিষয় নয়; এর সঙ্গে প্রত্যেক নাগরিকের সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও মানবিক মূল্যবোধ জড়িত। সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী সবারই ট্রাফিক আইন মেনে চলা এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি।তাঁরা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চালক, যাত্রী ও পথচারী। তাই শিক্ষাজীবন থেকেই সড়ক নিরাপত্তার নিয়মকানুন সম্পর্কে ধারণা অর্জন এবং তা বাস্তব জীবনে প্রয়োগের অভ্যাস গড়ে তুলতে হবে।আলোচনা সভায় নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, ট্রাফিক সিগন্যাল ও সড়কচিহ্ন মেনে চলা, গণপরিবহনে যাত্রীদের করণীয় এবং চালক ও পথচারীদের পারস্পরিক দায়িত্ববোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা হ্রাসে ট্রাফিক আইনের কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ,আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস ও ট্রাফিক সাইনসংক্রান্ত সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নাস্তাও দেওয়া হয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে বিআরটিএ সদর কার্যালয়ের নির্দেশনায় গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সচেতনতা মূলক সভার আয়োজন করা হয়।আয়োজকেরা আশা প্রকাশ করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।সবার প্রতি আহ্বান,ট্রাফিক আইন মেনে চলুন, নিজের ও অন্যের জীবনের মূল্য দিন। নিরাপদ সড়ক হোক সবার অঙ্গীকার, দুর্ঘটনামুক্ত বাংলাদেশ হোক আমাদের প্রত্যয়।