রাহিমা আক্তার মুক্তা :-
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-০৪-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে সড়ক পারাপারের বিভিন্ন নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ সময় গুলশান জোনের ট্রাফিক পরিদর্শক মো. কামাল সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।এ ছাড়া বক্তব্য রাখেন বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-০৪-এর সহকারী পরিচালক তন্ময় কুমার ধর। অনুষ্ঠানে মোটরযান পরিদর্শক অনিমেষ মণ্ডল উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষ পর্যায়ে বক্তব্য দেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।কর্মশালায় ভিডিও প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষ করে ফুটপাত ব্যবহার করে চলাচল, রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন, চলন্ত অবস্থায় মোবাইল ফোন ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং দৌড়ে রাস্তা পার না হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরাপদে রাস্তা পারাপারের জন্য ফুটওভারব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য।বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-০৪-এর উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের নির্দেশনায় এবং বিভাগীয় প্রধান মো. মাসুদ আলমের উদ্যোগে এ সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে নিরাপদ সড়ক গড়তে সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরা হয়।