গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১৫০ বোতল ‘এস্কাফ’ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। সাম্প্রতিক সময়ে গাজীপুর জেলায় মাদকবিরোধী অভিযানে র্যাবের ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি চৌকস আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হরতকিতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৫০ বোতল নিষিদ্ধ ‘এস্কাফ’ সিরাপ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।