সুমন খান:
রাজধানীর অন্যতম ব্যস্ত ও যানজটপ্রবণ এলাকা মিরপুরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ ডিসি-ট্রাফিক হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বার। গত এপ্রিল মাসে তার এই অর্জন পুলিশ প্রশাসনসহ সাধারণ জনগণের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।অনুসন্ধানে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই মিরপুর বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও যানজটপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি বৃদ্ধি করেন তিনি। অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচল, ফিটনেসবিহীন যানবাহন এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার ফলে সড়কে শৃঙ্খলা ফেরাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিশেষ করে অফিস সময় ও শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, মাঠপর্যায়ে কর্মকর্তাদের সক্রিয় তদারকি এবং জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে তিনি এক ভিন্নধর্মী প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। ট্রাফিক বিভাগের সদস্যদের মধ্যেও তার নেতৃত্বে দায়িত্ববোধ ও কর্মস্পৃহা বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।মিরপুরের বিভিন্ন বাসিন্দা ও পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময়ে সড়কে ট্রাফিক পুলিশের তৎপরতা আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণও প্রশংসিত হচ্ছে।ট্রাফিক সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, পেশাদারিত্ব, সততা ও জনসেবামুখী কর্মকাণ্ডের ধারাবাহিক মূল্যায়নের ফল হিসেবেই তিনি শ্রেষ্ঠ ডিসি-ট্রাফিক নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্য শুধু মিরপুর বিভাগের নয়, পুরো ঢাকা মহানগর পুলিশের জন্যই একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের কর্মকর্তারা বলেন, স্যারের নেতৃত্ব আমাদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব হতে উৎসাহিত করছে। তার অর্জনে আমরা গর্বিত।ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বারকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।