
সুমন খান:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমিনুল হক।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তিনি এ দাবি জানান। আবেদনে বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ থাকার দাবি করেন আমিনুল হক।
তিনি আরও অভিযোগ করেন, পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে। কোথাও কোথাও ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সিল মারা ব্যালট বই পাওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। আবেদনে বলা হয়, ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিজাইডিং কর্মকর্তাদের সরবরাহকৃত ফলাফল ও পোস্টাল ভোটের পরিসংখ্যানে গরমিল রয়েছে। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব হলেও তা রক্ষা হয়নি বলে দাবি করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার কথা উল্লেখ করে আরপিওর ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিতের আবেদন জানান তিনি। একই সঙ্গে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
Leave a Reply