
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার খুললে বাজার থেকে বালিয়াডাঙ্গা -চতুড়া সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তি তে পড়েছে এলাকাবাসী। সড়ক তো নয় যেন মরণ ফাঁদ।
সড়কের পাশে খাল থাকাই ধীরে ধীরে রাস্তার একটি অংশ খালের গর্ভে বিলীন হয়ে গেছে, যা স্থানীয়দের কাছে এখন আতঙ্কের নাম হয়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, অতীতে রাজনৈতিক কারণেও এই সড়কটি অবহেলিত ছিল, ফলে সমস্যাটি দিন দিন আরও প্রকট আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, অসমান ও ভাঙাচোরা অংশে ভরে গেছে পুরো পথ। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পথচারী ও যানবাহন চালকদের অনেক সময় সম্পূর্ণ আন্দাজে চলাচল করতে হয়, যার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বিশেষ করে ভ্যানচালক, অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। একাধিক ভুক্তভোগী জানান, রাতে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। সম্প্রতি একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ (ত্রিশ) ফুট নিচে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, এ ধরনের দুর্ঘটনা এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর ভাষ্য, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে এই সড়কটি ‘মরণ ফাঁদ’ হিসেবেই রয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান